ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান পদে জাতীয় পার্টি জেপি সমর্থিত এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেপি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত জেপির উপজেলা মহিলা সভানেত্রী ও বর্তমান ভাইস চেয়ারম্যান আসমা আখতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । গত ৪ মার্চ উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল (স্বতন্ত্র) এবং ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ (নৌকা) ও আব্দুল্লা আল মাসুদ (স্বতন্ত্র) এ তিন জন মনোয়নপত্র জমা দেন। পরে যাচাই বাছাইয়ে আতিকুল ইসলামের তথ্যগত ভুল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার। গতকাল বুধবার বাকি দুই বৈধ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আব্দুল্লা আল মাসুদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে মিরাজুল ইসলাম মিরাজ চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে কেশোয়ারা বিথী (স্বতন্ত্র) তার মনোনয়নপত্র পত্যাহার করে নিলে জাতীয় পার্টি জেপি মনোনীত আসমা আখতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এদিকে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে জাতীয় পার্টি জেপি মনোনীত (বাই সাইকেল) মো. মশিউর রহমান মৃধা, ওয়ার্কার্স পার্টি সমর্থিত খান নাজনীন (হাতুড়ি), ওয়াহীদুজ্জামান অপু (স্বতন্ত্র), সাবেক ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী (স্বতন্ত্র), মো. ফরিদ উদ্দিন (স্বতন্ত্র) এবং মো. শাহাদাত হোসেন (স্বতন্ত্র) মোট ছয়জন মনোনয়নপত্র জমা দেন। ৬ মার্চ যাচাই বাছাইয়ে খান নাজনীনের মনোনয়ন বাতিল হলেও বৈধ পাঁচজনের মধ্যে কোন প্রার্থী মনোয়নপত্র প্রত্যাহার না করায় পাঁচ জনই নির্বাচনে অংশ নেবেন।
জেলা রির্টানিং ও জেলা নির্বাচন অফিসার খান আদি শাহানুর জানান, চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ভাণ্ডারিয়ায় চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আব্দুল্লা আল মাসুদ তার মনোনয়নপত্র পত্যাহার করায় মিরাজুল ইসলাম মিরাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেশোয়ারা বিথী তার মনোনয়ন প্রত্যাহার করে নিলে আসমা আখতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
