শ্রেণিকক্ষ পরিত্যক্ত থাকায় দুই বছর ধরে ক্লাস চলছে খোলা মাঠে !

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:৫৯
রাজাপুরের ২৮নং পশ্চিম ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিত্যক্ত হওয়ায় খোলা মাঠে চলছে শিক্ষা কার্যক্রম। গত দুই বছর ধরে খোলা মাঠেই চলছে কোমলমতি শিশুদের ক্লাস। তবে বর্ষাকালে ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষ বা কখনো প্রায় বন্ধ থাকে পাঠদান। বারবার অবহিত করার পরও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
 
সরেজমিনে দেখা গেছে, চার কক্ষের বিদ্যালয়টি সম্পূর্ণই পরিত্যক্ত। কক্ষের মেঝেতে ছাদ থেকে খসে পড়া ইট, বালু আর খোয়ার স্তূপ। দরজা-জানালার অধিকাংশই ভাঙা। দুই বছর আগে পরিত্যক্ত ওই ভবনের সামনের মাঠে তিন সারিতে বেঞ্চ বসিয়ে নেয়া হচ্ছে ক্লাস। অধিকাংশ বেঞ্চই ভাঙা। আর এরমধ্যেই প্রতি বেঞ্চে চারজন করে গাদাগাদি করে বসে লিখছে ক্ষুদে শিক্ষার্থীরা।
 
১৯৮২ সালে প্রতিষ্ঠিত ২৮নং পশ্চিম ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়টির জন্য ১৯৯৭ সালে চার কক্ষ বিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণ করা হয়। মাত্র দেড় যুগ যেতে না যেতেই গত দুই বছর আগে এটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এখন বাধ্য হয়ে কখনো মাঠে, কখনো বা একটি জরাজীর্ণ পুরাতন কাঠের ঘরে চলছে এর শিক্ষা কার্যক্রম। পরিত্যক্ত একটি কক্ষে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষকরা মাঝে-মধ্যে অফিসের কাজ করেন। বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী ও চারজন শিক্ষকের জন্যও নেই স্যানিটেশন ব্যবস্থা। এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদও রয়েছে খালি।  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিললুবা সুলতানা বলেন, ‘বিদ্যালয়ের এ জরাজীর্ণ অবস্থার কথা বারবার আমরা লিখিতভাবে কর্তৃপক্ষকে অবহিত করেছি। তবে কোনো পদক্ষেপ আজ পর্যন্ত নেয়া হয়নি। এখন আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।’
 
রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম রফিকুল ইসলাম বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। তাই এ বিষয়ে আমি অবগত নই। তবে এ অবস্থা থাকলে অবশ্যই তাদের ভবনের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জোর অনুরোধ করা হবে।’