জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
জীবননগরে মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিল উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। ‘মাদক ও বাল্য বিয়েকে না বলুন, বাল্য শিক্ষাকে হ্যাঁ বলুন’ এ স্রোগান নিয়ে গতকাল বুধবার মাদক এবং বাল্য বিয়েকে লাল কার্ড দেখাল এক হাজার শিক্ষার্থী। একইসঙ্গে মেয়েরা ১৮ বছর এবং ছেলেরা ২১ বছরের আগে বিয়ে করবে না বলে শপথবাক্য পাঠ করেছে। সেই সঙ্গে শপথ নিল মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ করারও। এ সময় শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সালাউদ্দীন কাজলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টু প্রমুখ।
