নির্বাচনের টুকরো খবর

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২২:১৭

চাটমোহরে আচরণবিধি লঙ্ঘনে চার প্রার্থীর জরিমানা

চাটমোহর (পাবনা) সংবাদদাতা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাবনার চাটমোহরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. ইকতেখারুল ইসলাম। মঙ্গলবার রাতে পুলিশের সহযোগিতায় তিনি এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী মির্জা আবু হায়াত মোহাম্মদ কামাল জুয়েলকে (আনারস মার্কা) ২০ হাজার টাকা, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাড.সাখাওয়াত হোসেন সাখোর (নৌকা মার্কা) দুই কর্মীকে ১ হাজার টাকা, ভাইস চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান পান্নাকে (চশমা মার্কা) ২০ হাজার টাকা ও ইসাহক আলী মানিককে (তালা মার্কা) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শো-ডাউন ও প্রচারণা চালানোর দায়ে এই জরিমানা করা হয়।

চেয়ারম্যান প্রার্থিতা ফিরে পেলেন মুন্না

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)  সংবাদদাতা  আসন্ন ১৮ মার্চ  ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈল উপজেলা নির্বাচনে  চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেলেন সতন্ত্র প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের  সহ-সভাপতি শাহারিয়ার আজম মুন্না (মোটরসাইকেল)।  মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহামুদ হোসাইনের পূর্ণাঙ্গ আদালত  আওয়ামী লীগ প্রার্থী সইদুল হকের আপিল খারিজ করে শাহারিয়ার আজম মুন্নার পক্ষে রায় দেন। প্রসঙ্গত :গত ২০ ফেব্রুয়ারি  সমর্থিত  ভোটার তালিকায় ত্রুটির অভিযোগে জেলা রির্টানিং কর্মকর্তা (ডিসি)  মুন্নার চেয়ারম্যান প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করে গত ২৬ ফেব্রুয়ারি প্রার্থিতা ফিরে পান মুন্না। এর প্রেক্ষিতে  চেয়ারম্যান প্রার্থি আ’লীগ সভাপতি নৌকা প্রতীক, সইদুল হক সুপ্রিম কোর্টে আবারও আপিল করেন। এদিকে প্রার্থিতা ফিরে পাওয়ায় এলাকায় মুন্নার সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।

ভাইস চেয়ারম্যান প্রার্থী নূরজ্জামান চৌধুরীর সমর্থনে মতবিনিময়

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সেনবাগ পৌর আওয়ামী লীগের সভাপতি নূরজ্জামান চৌধুরীর সমর্থনে গতকাল বুধবার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেনবাগ পৌর শহরের বাবুপুর এলাকায় অব:প্রাপ্ত শিক্ষক হেদায়েত উল্যা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় বিশিষ্ট শিল্পপতি হাজী আবদুর রশিদ, সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ কামরুজ্জামান লিটন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বাবুপুর এলাকায় বিভিন্ন বয়সী মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী নির্বাচনে যে কোনো মূল্যে নূরজ্জামান চৌধুরীর টিউবওয়েলকে জয়যুক্ত করতে একমত হন।

ফুলবাড়ীয়ায় জাসদ নেতাকে বহিষ্কার

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে ।  বুধবার তাকে বহিষ্কার করা হয়। আব্দুর রহমান ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাসদ থেকে মনোনয়নপত্র দাখিল করেন। গত ১২ মার্চ গোপনে প্রতিপক্ষ প্রার্থীর নিকট থেকে আর্থিক সুবিধা নিয়ে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন বলে অভিযোগ উঠেছে। বুধবার উপজেলা জাসদ কার্যালয়ে শরীয়তুল্লাহ মাস্টারের সভাপতিত্বে সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়।  ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে  শরীয়তুল্লাহ মাস্টারকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বদলগাছীতে স্বতন্ত্র প্রার্থীর অবহিতকরণ সভা

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাচনে ৫৩টি কেন্দ্র কমিটির কর্মীদের নিয়ে আচরণবিধি অবহিতকরণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। ঘোড়া মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সামছুল আলম খানের সভাপতিত্বে দিক নির্দেশনামূলক নির্বাচনী আচরণবিধি সম্পর্কে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বক্তব্য রাখেন হেলাল উদ্দীন, হিরা, আনোয়ার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী প্রমুখ।