রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত এক সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িত এক ছাত্রলীগ কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু এই তথ্য নিশ্চিত করেছেন। বহিষ্কৃত ছাত্রলীগকর্মী রবিউল ইসলাম মিল্টন দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে দর্শন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্যক্তের ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে কয়েকজন ছাত্রলীগ কর্মীর হাতে মারধরের শিকার হন রাজশাহীর স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিনের রাবি প্রতিনিধি মর্তুজা নুর।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে (মিল্টন) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে সকল প্রকার দলীয় কর্মকাণ্ড থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে।’
