যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের কটুক্তিপূর্ণ বক্তব্য ও মুক্তিযুদ্ধকে অবমাননা করে বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ১৪টি স্পটে মানববন্ধন করবে কেন্দ্রীয় ১৪ দল। আগামী ১৫ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা মহানগরীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নগর ১৪ দলের সমন্নয়ক ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বীর বিক্রম সভাপতির বক্তব্যে এই কর্মসূচি ঘোষণা করেন।
কেন্দ্রীয় ১৪ দল ঘোষিত মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষে নগর ১৪ দলের পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাসদের ঢাকা মহানগরের আহ্বায়ক মীর হোসেন আখতার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম এমপি প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন পাকিস্তান নতুন করে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একাত্তরের পরাজয়ের গ্লানি আজও ভুলতে পারেনি পাকিস্তান।
