বেহুলাবাংলা প্রকাশনী থেকে অমর একুশে গ্রন্থমেলায় এসেছে মামুন রশীদ-এর উপন্যাস ‘টিটু মিলনায়তন’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ছিল অনেক বড়। শুধু স্বাধীনতা অর্জনের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট শেষ হয়ে যায়নি। মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা জানানোর সঠিক দায়িত্ব পালন করা হয়নি। এই ব্যর্থতার পেছনে নানাবিধ কারণ এবং ষড়যন্ত্র থাকলেও মামুন রশীদ-এর উপন্যাসে তা খোঁজা হয়নি।
বরং পাশাপাশি দুইটি প্রজন্মের ভেতরে বয়ে চলা রাজনীতি সচেতনতা এবং দুইটি সময়ের মধ্যে রাজনীতির মৌলিক ও গুণগত পার্থক্যের ভেতর দিয়ে উঠে এসেছে মুক্তিযুদ্ধের একটি অধ্যায়ের ভগ্নাংশ। মামুন রশীদ- এর স্বচ্ছন্দ্য বিচরণ কবিতায়। সংবাদপত্রে নানান বিষয়ে লেখালেখি, সঙ্গে প্রবন্ধ আর ছোটদের জন্য নিয়মিত গল্প লিখলেও এবারই প্রথম উপন্যাস লেখার চেষ্টা।
প্রকাশকের দৃষ্টিতে উপন্যাস হলেও নিজের প্রথম উপন্যাস লেখার প্রয়াস সম্পর্কে মামুন রশীদ বলেন, ‘এতো ছোট পরিসরের লেখাকে ঠিক উপন্যাস বলা যাবে না। এটা আসলে বড় গল্প। আমি দুইটি সময়কে মিলিয়ে একটি কাহিনী বলে যাবার চেষ্টা করেছি। এখন আদতেই কিছু হয়েছে কি না তা নির্ধারণ করতে পারবেন শুধু পাঠক।’
পেশায় সাংবাদিক মামুন রশীদ-এর আরো একটি বই প্রস্তুতিপর্বে রয়েছে। মেলার মাঝামাঝি সময়ে ছোটদের জন্য লেখা গল্পের বই ‘ভূতের সঙ্গে একদিন’ নিয়ে আসবে ‘উত্তরাধিকার ’৭১’ প্রকাশনী। এছাড়া এবার কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় ছোঁয়া প্রকাশনী থেকে বেরিয়েছে তার কবিতার বই ‘সকল ভ্রমণ শেষে’। কাব্য কারিমের প্রচ্ছদে মামুন রশীদ-এর ‘টিটু মিলনায়তন’ পাওয়া যাবে বইমেলার বেহুলাবাংলার ৫৭৭ নম্বর স্টলে। বইটির বিনিময় মূল্য ১৩৫ টাকা।
