দেশে দৈনিক উৎপাদিত ২০ হাজার মেট্রিক টনের বেশি বর্জ্যরে মাধ্যমে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বা ৩৫ হাজার মেট্রিক টন জৈব সার উৎপাদন করা সম্ভব বলে জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ। তিনি বলেন, এলজিআরডি মন্ত্রণালয় বিভিন্ন পৌর এলাকার সংগৃহীত বর্জ্য দ্বারা বিদ্যুৎ উৎপাদনে প্রকল্প হাতে নিচ্ছে।
তিনি আজ নগরীর এলজিইডি মিলনায়তনে যুক্তরাজ্য ভিত্তিক প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ও বাংলাদেশ বর্জ্য ব্যবস্থাপনা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংগঠনের সভাপতি কে এম নূরুল হুদার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্টের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সিকদার, প্র্যাকটিক্যাল অ্যাকশনের হাসিন জাহান ও উত্তম কুমার সাহা।
মশিউর রহমান রাঙ্গাঁ বলেন, দেশের ৩২৪টি পৌরসভা ও ১১টি সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর ও টেকসই করলে তা অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে। এ ব্যাপারে সরকারের পাশাপাশি প্র্যাকটিক্যাল অ্যাকশনের মতো প্রতিষ্ঠানসমূহ সহায়ক শক্তি হতে পারে।
তিনি বলেন, প্রতিষ্ঠানটি একযুগ ধরে গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ ও গাইবান্ধায় বর্জ্য হতে গ্যাস ও জৈবসার উৎপাদন করছে। বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দু’টো ম্যানুয়ালও তৈরি করেছে। এসব কার্যক্রম শহরাঞ্চলে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এ সময় তিনি বর্জ্য ব্যবস্থাপনা কাজে নিবেদিত প্রতিষ্ঠানসমূহকে সহায়তার আশ্বাস দেন।
দিনব্যাপী উক্ত কর্মশালায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার শতাধিক প্রতিনিধি অংশ নেন। এতে গবেষকগণ সমন্বিত টেকসই আবর্জনা ব্যবস্থাপনা, জৈবসার উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়াও মুক্ত আলোচনা পর্বের আয়োজন করা হয়। বাসস।
