ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে ৯ম ফেয়ার প্লে কাপ ২০১৬-এর ফাইনাল ম্যাচে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি)-এর বিপক্ষে ৫ উইকেটে জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নিলো ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইউল্যাব। প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে দলীয় ৬৭ রান করে জিইউবি। জিইউবি’র পক্ষে ২৩ বল খেলে ব্যক্তিগত ১৪ রান করেন নাহিদ। অন্যদিকে প্রতিপক্ষ ইউল্যার’র আসিফ ২.৩ ওভার বোলিং করে মাত্র ৫ রান দিয়ে ৩টি উইকেট নেয়।
জবাবে ১৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭১ রান করে স্বাগতিক ইউল্যাব। ইউল্যাবের হয়ে ৩৫ বল খেলে সর্বোচ্চ ৩২ রান করেন অভিক। এছাড়া জিউবি’র যোবায়ের ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন। ম্যাচ সেরার পুরস্কার হাতে তুলে নেয় ইউল্যাবের ইমরান।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসেন। ইউল্যাবের দলপতি মো. হাসানুজ্জামান টুর্নামেন্টে ১৫২ রান এবং ১টি হ্যাটট্রিকসহ মোট ৬টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার হাতে তুলে নেয়। এছাড়া ইউল্যাবের সাবিথ টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কার, জিইউবি’র নাজমুল ৯টি উইকেট নিয়ে সেরা বোলারের পুরস্কার এবং ইউল্যাবের অভিক ১৯২ রান করে সেরা ব্যাটসম্যানের পুরস্কার গ্রহণ করে।
পুরস্কার হিসেবে এ বছরের বিজয়ী দল পায় ৪০ হাজার টাকা এবং রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনাল টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ। এছাড়া রানারআপ দল পায় ২৫ হাজার টাকা।
ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের মাঝে আরো উপস্থিত ছিলেন ইউল্যাবের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক এইচ এম জহিরুল হক, রেজিস্ট্রার লেফটেনেন্ট কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স এ্যান্ড কমিউনিকেশনসের উপদেষ্টা জুডিথা ওলমাখার।
মোট ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবারের আয়োজনে অংশ নেয়। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ব্র্যাক ইউনিভার্সিটি (ব্র্যাকইউ), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), সাউথ ইস্ট ইউনিভার্সিটি (এসইইউ), স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি), ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি), ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) এবং আয়োজক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
