গান, আড্ডাবাজি পড়ালেখা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৬
একজন ভালো গান করেন। আরেকজন পরিচর্যা করেন বাগানের। গ্রামের সহজ সরল মানুষ আর অসহায় বৃদ্ধাদের পাশে দাঁড়াতে চান আবার দু’জন। দেশের জন্য কিছু করার বাসনার কথাও জানালেন কেউ কেউ। ভাবছেন যাদের নিয়ে এতোসব গুণের কথা বলা হচ্ছে তারা কারা? ঘড়ির কাঁটা সকাল ৮টা বাজতেই দৌড়ঝাঁপ করে বাসা থেকে বেরিয়ে যান সবাই। এরপর ক্যাম্পাসে ঢুকেই সোজা ওয়াহিদ কিংবা রাশেদ স্যারের ক্লাস। তারপর মেতে ওঠেন তারুণ্যে। গান, আড্ডাবাজি আর পড়ালেখা। সময় কাটে একদল স্বপ্নবাজের। চট্টগ্রামের সাগর পাড়ের বিদ্যাপীঠ ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। এখানকার স্কুল অব বিজনেসের শিক্ষার্থীদের কথাই বলছিলাম এতোক্ষণ। যারা কেবল পড়ালেখা নয়, নিজেকে মেলে ধরতে চান আন্তর্জাতিক পর্যায়েও।
 
ব্যস্ততম শহরের প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবন ইডিইউর। ক্যান্টিনে ঢুকে দেখা গেলো ওদেরকে। তামজিদ, রাকিবুল, সামিন, শোয়েব আর তাসনিম। আড্ডা দিচ্ছেন চুটিয়ে। গরম গরম সিঙ্গাড়া আর কফির কাপে চুমুক দিয়ে মশগুল ক্লাসের অ্যাসাইনমেন্ট নিয়ে। এমন সময় সহপাঠী তাসফিয়া ঢুকে বললেন, আজ ক্লাসে আসতে একদম ইচ্ছে করছিলো না। কিন্তু না এলে ভালোও লাগে না। চল সবাই মিলে কোথাও বেড়িয়ে আসি। কাপ্তাই গেলে মন্দ হয় না! বইয়ে ডুবে ছিলেন সাকিব। কথা শুনে পৃষ্ঠা উল্টানোর পর বললেন, আমরা যেনো সবাই একই পরিবার হয়ে গেছি। বন্ধুত্ব সবাইকে নিয়ে গেছে অন্য পর্যায়ে। শুদ্ধ ভালোবাসা আমাদেরকে করেছে আপন। পড়ালেখা শেষ করেও যেনো এই বন্ধন অটুট থাকে।
 
ইডিইউর ১৯তম ব্যাচের এসব শিক্ষার্থীকে নিয়ে গল্প যেনো শেষ হয় না। দারুণ আড্ডাবাজ আর পড়ুয়া তারা। এখন দেখা গেলো দলবেঁধে সবাই লাইব্রেরিতে বই খুঁজছেন। খানিক বাদে আবার হৈ-হুল্লোড়ে মেতেছেন করিডোরে। আপনাদের কাছে বন্ধুত্বের সংজ্ঞা কী? প্রশ্ন করতেই তাসনিম বললেন, আমার কাছে মনে হয় হূদ্যতার টান। পথ চলতে কিছু ভালো মানুষের সান্নিধ্য পাওয়া। যারা একেবারেই আলাদা।
 
তাই নাকি, সেটা কী রকম?-জানতে চাইলে রাকিবুল হক বলেন, সময় পেলে সবাই দলবেঁধে ঘুরতে চলে যাই। দেশ নিয়ে ভীষণ ভাবি। পড়ালেখা শেষ করে কিছু একটা করতে চাই। তার এই কথাকে সমর্থন জানালেন তাসফিয়া, আনিকা আর নাহিদ। দিনের বেশির ভাগ সময় ক্যাম্পাসেই কেটে যায় এসব পড়ুয়ার। পড়ালেখার পাশাপাশি সৃষ্টিশীল কাজেও রয়েছে তাদের ব্যাপক অংশগ্রহণ। দেশে বসে আন্তর্জাতিকমানের পড়ালেখা ছড়িয়ে দেয়ার কথা জানালেন ইডিইউর চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।