আজ থেকে মঞ্চে মুক্তিযুদ্ধের উপন্যাস নিয়ে নাটক ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২২:২৪

উত্তর-আধুনিক লেখক শহিদুল জহির মুক্তিযুদ্ধ ও পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে জাদু বাস্তবতায় লিখেছিলেন উপন্যাস ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’। মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসকে মঞ্চে আনছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। তাঁর পরিকল্পনা ও নির্দেশনায় এ নাটক মঞ্চস্থ হবে। আজ থেকে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই নাটক নিয়ে শুরু হচ্ছে নাট্যোত্সব। প্রযোজনাভিত্তিক নাট্য সংগঠন ‘স্পর্ধা’ আয়োজিত সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধ নাট্য উত্সবে এই একটি নাটক মঞ্চস্থ হবে। আজ ১৪ মার্চ থেকে ২০ মার্চ এই সাত দিনে দলটি মোট ১১টি শো করবে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে মঞ্চায়ন। এর মধ্যে ১৫, ১৬, ১৭ এবং ২০ মার্চ প্রতিদিন দুটি করে শো অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে তিনটাতে প্রথম শো মঞ্চায়িত হবে। এরপর হবে সাড়ে সাতটার শো। প্রায় দুই ঘণ্টার এই নাটকের টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার, ৫শ, ৩শ। আর শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা। নাটকটিতে অভিনয় করছে বিভিন্ন নাট্য সংগঠনের কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। নাট্য উত্সব আয়োজনে পৃষ্ঠপোষকতা দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমি। নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ জানান, পেশাদার নাট্যচর্চার লক্ষ্য নিয়েই ‘স্পর্ধা’ নাট্য সংগঠনটি পরিচালিত হচ্ছে।