মিরপুরে বাড়ির ছাদ থেকে পড়ে মনিপুর স্কুলের শিক্ষার্থী নিহত

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

প্রতিদিনের মতো গতকালও সকালে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল কাজী অনিক (১৫)। মায়ের সঙ্গে নাস্তাও করে সে। স্কুলে যাওয়ার আগে মা বাথরুমে যান। এরই মধ্যে আশপাশের লোকজনের হৈ চৈ শুনতে পান মা শামসুন্নাহার। তিনি ছুটে গিয়ে বাড়ির সামনের রাস্তায় মানুষের জটলা দেখতে পান। ভিড় ঠেলে দেখতে পান যে তার আদরের সন্তান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। কিভাবে দশম শ্রেণীর ছাত্র কাজী অনিকের মৃত্যু হয়েছে— তা নিয়ে পরিবারের কাছে স্পষ্ট কোনো ধারণা নেই। তবে পুলিশ বলছে, কাজী অনিক মানসিকভাবে অসুস্থ ছিল। ধারণা করা হচ্ছে, বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে কাজী অনিক মারা গেছে।