বিমানবন্দরে ৪৮ স্বর্ণের বারসহ দুই চীনা নাগরিক আটক

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই চীনা নাগরিকের কাছ থেকে পাঁচ কেজি ৫৬০ গ্রাম ওজনের ৪৮টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের সদস্যরা। স্বর্ণ চোরাচালানের অভিযোগে দুই চীনা নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন চেন জিফা (২৯) ও ডিং শো সেং (৩৫)। তাদের উভয়ের জন্মস্থান চীনের হুবেইতে। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকা। গতকাল বুধবার সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, বুধবার সকাল ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট ঢাকায় আসে। ওই বিমানের দুই যাত্রী বিমানবন্দরে নেমে গ্রিন চ্যানেল এলাকা দিয়ে বের হয়ে ৯ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় আসার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিংয়ে দেওয়া হলে তার মধ্যে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে এই দুই বিদেশি নাগরিকের লাগেজ খুলে ‘জিপাস’ ব্র্যান্ডের দুটি ‘সোলার হোম সিস্টেম’ পাওয়া যায়। সোলার সিস্টেম খুলে তার মধ্যে থাকা ব্যাটারি খুলে ১০ তোলা ওজনের ২৪টি করে মোট ৪৮টি স্বর্ণের বার পাওয়া যায়। আটক দুই যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালান আইনে মামলা হয়েছে।