আগাম বন্যা মোকাবিলায় পাউবো কর্মকর্তা ও কর্মচারিগণের ছুটি স্থগিত

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২২:২৭

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের  মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমান দেশে আগাম বন্যা মোকাবিলার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা/কর্মচারিগণকে সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়েছেন। মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণকে স্থানীয় জেলা প্রশাসক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আগাম বন্যা মোকাবিলায় ত্বরিত  ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। তাত্ক্ষণিকভাবে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা গ্রহণের স্বার্থে বোর্ডের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা/কর্মচারীকে স্ব-স্ব কর্মস্থলে বাধ্যতামূলকভাবে অবস্থান করার জন্যও নির্দেশ প্রদান করেন।

এছাড়া দেশে আগাম বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের স্বার্থে আগামী ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বোর্ডের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা/কর্মচারীর অনুকূলে সকল প্রকার ছুটি মঞ্জুর স্থগিত রাখাসহ সংশ্লিষ্ট অতিরিক্ত মহাপরিচালক এর অনুমতি ব্যতীত সদর দপ্তর ত্যাগ না করার জন্যও নির্দেশ প্রদান করেন। -প্রেস বিজ্ঞপ্তি