আরব আমিরাতের প্রথম সুখ ও শান্তিমন্ত্রী ওহুদ আল রুমি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৫
সংযুক্ত আরব আমিরাতের সুখ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ওহুদ আল রুমি নামে এক নারীর নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী রশিদ আল মাকতুম।  বুধবার টুইটারের মাধ্যমে তার নাম ঘোষণা করা হয়।
 
টুইটারে তিনি বলেন, জাতীয় শান্তি কোন অভিলাষ নয়। এটা অর্জনে যা যা করতে হবে তার পরিকল্পনা, প্রকল্প, কর্মসূচি এবং সূচিপত্র রয়েছে। সেগুলো অনুসরণ করেই মন্ত্রীদের লক্ষ্য অর্জন করতে হবে।
 
দেশটিতে প্রথমবারের মতো এই মন্ত্রণালয়ে একজন মন্ত্রীকে নিয়োগ দেওয়া হল। ওহুদ দেশের জনগণের সুখ ও শান্তি নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করবেন। 
 
দুবাইয়ের শাসক, ইউএই’র ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী মাকতুম তার টুইটার বার্তায় লেখেন, তবে আল রুমি প্রধানমন্ত্রীর দপ্তরের মহাপরিচালকের পদে যেমন ছিলেন তেমনি বহাল থাকবেন। 
 
এছাড়া জাতীয় উন্নয়ন ও সন্তুষ্টি অর্জনে সরকারি নীতি বাস্তবায়নে ভূমিকা পালন করবেন এই মন্ত্রীরা। সোমবার প্রথমবারের মতো দেশটিতে এই মন্ত্রণালয় খোলার ঘোষণা দেয়া হয়। সরকারি পরিকল্পনা নিশ্চিত করে মানুষের মাঝে সুখ ও সন্তুষ্টি আনতে কাজ করবে এই মন্ত্রণালয়।
 
২০১৫ সালে সুখী দেশের তালিকায় ইউএই’র অবস্থান ২০ তম। তার উপরে রয়েছে যুক্তরাজ্য এবং নিচে বেলজিয়ামের অবস্থান। তবে এ তালিকায় বিশ্বের সবেচেয়ে সুখী দেশ সুইজারল্যান্ড। আল জাজিরা