বিশ্বের বিভিন্ন দেশে বোয়িং ৭৩৭ ম্যাক্স এয়ারক্রাফট নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশও এ ব্যাপারে সতর্ক রয়েছে। যদিও বাংলাদেশে এখন পর্যন্ত কোনো বিমান সংস্থা-ই এ এয়ারক্রাফট ব্যবহার করে না। তবে একটি বেসরকারি এয়ারলাইন্স ৭৩৭ ম্যাক্স আনার ঘোষণা দিলেও তা কার্যত আর হচ্ছে না। এ ব্যাপারে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
প্রসঙ্গত ইথিওপিয়ায় বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ এয়ারক্রাফট দুর্ঘটনায় ১৫৭ যাত্রী নিহত হন। এর আগে ইন্দোনেশিয়ায় একটি এয়ারলাইন্সের ম্যাক্স মডেলের বিমান দুর্ঘটনায় পতিত হয় এবং ১৮৯ যাত্রী নিহত হন। মারাত্মক দুর্ঘটনার শিকার হওয়ায় বিভিন্ন দেশ ও বিমান পরিবহন সংস্থা এ উড়োজাহাজটি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। সেই আলোকে বাংলাদেশেও সংশ্লিষ্টদের মধ্যে ম্যাক্স ব্যবহারের প্রসঙ্গটি আলোচনায় স্থান পায়। বুধবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের কোনো বিমান পরিবহন সংস্থা বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান ব্যবহার করে না। বর্তমানে কোনো বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশে ঐ বিমান ব্যবহার করছে না। এ ব্যাপারে কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
