ভালোবাসার গল্প নিয়ে বিশ্বরেকর্ড গড়ার প্রয়াসে ম্যাচস্টিক্স

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ২২:১৮
ভালোবাসার গল্প নিয়ে বিশ্বরেকর্ড তৈরি করতে যাচ্ছে ম্যাচমেকিং অ্যাপস ম্যাচস্টিক্স। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটাই জানানো হয়।
১৪ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে ভিন্নরকম এই আয়োজন অনুষ্ঠিত হবে।
 
ভালোবাসা দিবসের প্রথম প্রভাতে শুরু হওয়া ভালোবাসার এ মহামিলনমেলায় থাকছে গল্পের উৎসব। সকাল থেকে শুরু হবে গল্প সংগ্রহ। গল্প লেখার জন্যে ভেন্যুতে সবাইকে দেয়া হবে একটি করে হৃদয়াকৃতির চিরকুট। যা একে একে যোগ হবে ম্যাচস্টিক্স লাভ বোর্ডে।
 
নাবিলার উপস্থাপনায় ভালোবাসার গান গাইবে ‘বাপ্পা এন্ড ফ্রেন্ডস’ ও ব্যান্ডদল ‘দূরবীন’। সুরে সুরে মাতাবে বাংলাদেশি আইডল এর আমিদ ও ডি রকস্টার শুভ। এছাড়া দিনটিকে স্মরণীয় করে রাখতে আছে ডিজে, কাপলদের জন্যে মজার মজার সব গেমস আর ভালোবাসার মানুষটির সাথে ছবি তোলার জন্যে ফটো বুথ। অনুষ্ঠানটি সরসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
 
এ বিষয়ে বাংলাদেশে ম্যাচস্টিক্স এর যোগাযোগ সমন্বয় প্রতিষ্ঠান কুকিজারের ইমরান মাহমুদ ইমন বলেন, ‌‘প্রত্যেকের জীবনেই একটা ভালোবাসার গল্প থাকে। ভালোবাসা দিবসে আপনার এই গল্পগুলো নিয়ে চলে আসতে পারেন রবীন্দ্রসরোবর মঞ্চে।’
 
তিনি বলেন, ভালোবাসার মানুষদের জন্যই এ আয়োজন। সেই সঙ্গে সুযোগ থাকছে ভালোবাসার গল্পের বিশ্বরেকর্ডের অংশ হওয়ার।
 
প্রতিষ্ঠানটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভালোবাসার গল্প সংগ্রহ করছে। আর যে কেউ চাইলে ফেসবুক পেজের মাধ্যমে গল্প জমা দিতে পারেন। সেরা গল্প গুলোকে নিয়ে পরবর্তীতে টেলিছবি তৈরি করাসহ আকর্ষণীয় পরিকল্পনা আছে বলে জানান আয়োজকেরা।