শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কেজি ৬০০ গ্রাম সোনাসহ ইব্রাহীম নামের এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে সোনাসহ আটক করা হয়। ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা বিজি ফ্লাইটের (বিজি-১৮৭) একটি ফ্লাইট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজালাল বিমানবন্দরে নামেন। তাকে দেখে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার শরীরে লুকিয়ে রাখা সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সোনার ওজন দুই কেজি ৬০০ গ্রাম। এসব সোনার আনুমানিক দাম দেড় কোটি টাকা। তার বাড়ি কুমিল্লায়। ইব্রাহীমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার।
