রাজধানীর পল্লবীতে শুক্রবার দিবাগত রাতে একটি ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
তারা হলেন- আমেনা (৪৭), মেয়ে রিদিতা (১৬), ছেলের বউ শম্পা (২০), আমেনার ভাগ্নি রায়না (২০) ও ভাইয়ের স্ত্রী শামীমা (৩০)। দগ্ধ ৫ জনের মধ্যে রিদিতা, শম্পা ও রায়না ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, মিরপুর ১২ নম্বরের পল্লবী এলাকার ই-ব্লকের ২০ নম্বর পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আমেনা বেগমের পরিবার বাস করে। ওই ভবনের নিচতলায় সিঁড়ির পাশে একটি মোটরসাইকেল রাখা হয়। গতকাল রাত ১০ টার দিকে হঠাৎ করে ওই মোটরসাইকেলে আগুন ধরে ওঠে। এসময় তারা ৫ জন সিঁড়ি দিয়ে বের হতে গেলে দগ্ধ হন।
এদিকে রাজধানীর ইস্কাটনে একটি বাসার গ্যারেজের নিচে পার্কিং করার সময় একটি মাইক্রোবাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মো. আলম নামের ওই মাইক্রোবাসের চালক দগ্ধ হন।
আলম জানান, তিনি গাড়ি পার্কিং করার সময় হঠাৎ করে গাড়িটিতে আগুন জ্বলে ওঠে। এরপর আগুন গাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে এবং গাড়িটি পুড়ে যায়।
