চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন দক্ষিণ কোরিয়া-মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তার দেশের নিরাপত্তার জন্য হুমকি। তার মতে কোরীয় উপদ্বীপে এই নিরাপত্তা ব্যবস্থা চীন ও অন্য দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে।
উত্তর কোরিয়া দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা প্রকাশ করে। রাশিয়া ও চীন বলেছিল এই প্রতিরক্ষা ব্যবস্থার রাডার তাদের দেশেও নজরদারি করতে সক্ষম হবে। তবে মার্কিন ও দ. কোরিয়া দাবি করছে এই পরিকল্পনা শুধুমাত্র উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে ব্যবহৃত হবে। তবে চীনের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে পুনরায় ভাবতে বলেছেন। তিনি বলেন, তথ্যগুলো পরিষ্কার, যুক্তরাষ্ট্রের এই নিরাপত্তা ব্যবস্থা কোরীয় উপদ্বীপের চেয়েও অনেক বেশি এলাকা নজরদারি করবে। এবং এর সক্ষমতা অনুযায়ী এটি এশিয়ার অন্য দেশগুলোর উপর নজরদারি করতে পারবে। আর এই কারণে এটি চীন ও অন্য এশীয় দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি।
তিনি আরো বলেন, সাধারণ মানুষ জানে এই নিরাপত্তা ব্যবস্থা শুধু দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে নয় বরং এটি চীনকে লক্ষ্য করে পরিচালিত একটি এজেন্ডা। উত্তর কোরিয়াকে সঠিক পথে আনতে নিরাপত্তা পরিষদের মাধ্যমে প্রস্তাব নেয়া যেতে পারে বলে উল্লেখ করেন তিনি। বিবিসি।
