ফাল্গুনের প্রথম দিন শনিবার। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে বসন্ত উত্সবে মেতে উঠেছে সারাদেশ। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘বসন্তবরণ উত্সব’ পালিত হচ্ছে।
সকাল ৭টায় শিল্পী মতিহারের এসরাজ বাদনের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত বরণের প্রথম পর্ব। এ পর্বের অনুষ্ঠান সূচিতে ছিল বসন্ত কথনপর্ব, প্রীতিবন্ধনী বিনিময়, আবির বিনিময়, দলীয় সংগীত, আবৃত্তি, একক আবৃত্তি, একক সংগীত, পাঠ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবেশনা ছাড়াও ছিল শিশু-কিশোরদের পরিবেশনা। এছাড়াও ছিল নৃত্য।
IMG0
সকাল ১০টা ২০ মিনিটে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ চারুকলার বকুলতলা থেকে বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি টিএসসি হয়ে আবার বকুলতলায় গিয়ে শেষ হয়। সকাল ১১টা পর্যন্ত চলে এই পর্বের অনুষ্ঠান। বসন্তের রঙে নিজেদের রাঙিয়ে বাহারি ফুল আর পোশাকে নিজেদের সাজিয়ে, বসন্তকে বরণ করতে প্রথম প্রহরে হাজির হন তারা।
বিকাল তিনটায় শুরু হবে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। এছাড়া দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা এলাকায় বসন্তকে বরণ করে নিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
