পাকিস্তানের কাছে এফ-১৬ বিক্রি করায় ক্ষুব্ধ ভারত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৯
পাকিস্তানের কাছে ৮টি এফ-১৬ জঙ্গি বিমান বিক্রি করার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ভারত। দেশটি বলেছে, এই অস্ত্রের যোগান সন্ত্রাসকে কমাবে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করে আসছে তা সঠিক নয়। এদিকে এ ঘটনায় অসন্তোষ জানাতে নয়া দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
 
ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শংকর শনিবার এক বিবৃতিতে বলেন, ওবামা প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তে আমরা হতাশ হয়েছি। তারা যে অস্ত্র হস্তান্তরের মাধ্যমে সন্ত্রাসবাদ দমনের কথা বলছেন তার সাথে আমরা একমত নই। বিগত বছরগুলোর অভিজ্ঞতা অন্তত সেকথাই বলছে। তিনি বলেন, এ কারণে মার্কিন রাষ্ট্রদূতকে আমাদের অসন্তুষ্টি জানাতে তলব করা হবে। মার্কিন প্রশাসন বলেছে, কংগ্রেসের সিদ্ধান্তে ওই ৮টি জঙ্গি বিমান পাকিস্তানের কাছে বিক্রি করা হবে। যার মূল্য প্রায় ৭০ কোটি ডলার।
 
পেন্টাগনের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা এজেন্সি এক বিবৃতিতে জানায়, জঙ্গি বিমান বিক্রির এ প্রস্তাব মার্কিন পররাষ্ট্রনীতির উদ্দেশ্য এবং জাতীয় নিরাপত্তা অর্জনে কাজ করবে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় কৌশলগত অংশীদারদের নিরাপত্তা বাড়াতে সহায়তা করবে। সূত্র: এনডিটিভি