রামপাল বিদ্যুত্ প্রকল্প ও ওরিয়ন প্রকল্পের কাজ স্থগিত করার দাবি ফের জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। কমিটির আহবায়ক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল বলেছেন, নানাভাবেই সুন্দরবন আক্রান্ত হচ্ছে। রামপালে বিদ্যুত্ প্রকল্প এই বন ধ্বংসের কফিনের প্রধান পেরেক। এটি আমরা ঘটতে দিতে পারি না। সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করছে। তাই আমাদেরকেই সুন্দরবন রক্ষা করতে হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে রামপাল প্রকল্পের পরিবেশগত সমীক্ষা করতে হবে।
শনিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়। রবিবার সুন্দরবন দিবস উপলক্ষে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
সুলতানা কামাল বলেন, সুন্দরবন রক্ষায় আমরা ঠিক কাজ ঠিকভাবে করছি না। রামপাল বিদ্যুেকন্দ্র নির্মাণে সুন্দরবনের পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) সঠিকভাবে হয়নি। এটি আমরা প্রত্যাখ্যান করছি এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে নিরপেক্ষ ও বিজ্ঞানভিত্তিক সমীক্ষা পরিচালনার দাবি জানাচ্ছি। একইসাথে সুন্দরবনের পাশে বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিদ্যুত্ প্রকল্প ও কারখানা বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।
