শাবির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
 
এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। পরে সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়ার নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যুালি বের হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।
 
র‌্যালি শেষে ড. মো. ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সম্মুখে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকের এ দিনে উপস্থিত অনেকেই ৫০ বছর পূর্তিতে এ বিশ্ববিদ্যালয়ে থাকবেন না। কিন্তু বিশ্ববিদ্যালয় যদি শিক্ষা ও গবেষণায় সামনে অগ্রসর হয় তখন তারা গর্ববোধ করবেন। তাই আজকের এ প্রতিষ্ঠা বার্ষিকীকে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে, যাতে আমরা সকলে মিলে শাবিপ্রবিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে পারি। পরে ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
 
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. নিয়াজ আহম্মেদ। এসময় বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, বিভাগীয় প্রধান. ভারপ্রাপ্ত প্রক্টর ও বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন।