আশুলিয়ায় ১২টি ইটভাটাকে এক কোটি টাকা জরিমানা তিনটি ভাটা ধ্বংস

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০০:১৩

সাভার উপজেলার আশুলিয়ায় তুরাগ নদীর তীরে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের  ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে ওই এলাকার ১২টি ইটভাটায় পরিচালিত এ অভিযানে ৯টি ইটভাটাকে মোট ৯৫ লাখ টাকা জরিমানা এবং তিনটি ইটভাটাকে সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়-কোনো ইটভাটারই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং কোনো প্রকার অনুমোদন নেই।  ইট ভাটাগুলোতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়নি। এছাড়া আইনে রয়েছে- নদী থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করতে হবে। কিন্তু এক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি।

অভিযানকালে রাজু ব্রিকসেক ১০ লাখ, মেসার্স আশরাফ ব্রিকস্-১ কে ১০ লাখ, মেঘনা ব্রিকসেক ২০ লাখ, এসএস ব্রিকসেক ২০ লাখ, মর্ডান ব্রিকসেক ১১ লাখ, স্টাইল ব্রিকসেক ১১ লাখ, সুরমা ব্রিকস্-১ কে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে এমএসবি ব্রিকস্ এর ম্যানেজার পালিয়ে যায়। পরে বুলডোজার দিয়ে ওই ভাটাসহ মেসার্স আল- আশরাফ ব্রিকস্-২ এবং সুরমা ব্রিকস্-২ এর ইটের প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।