নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ চৌধুরী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বুধবার বিকাল ৫টার মধ্যে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আজ বৃহস্পতিবার সকল প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এবারে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ শাহজাহান ভুঁইয়া, স্বতন্ত্র প্রার্থী তাবিবুল কাদির তমাল ও এস আলম। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাঁচজন। এরা হলেন— মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার (ভিপি) শাহরিয়ার পান্না সোহেল, অ্যাডভোকেট সাইফুর রহমান স্বপন, মোতাহার হোসেন নাদিম, আলীম সরকার আর্মি, হাবিবুর রহমান হারেজ। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেরদৌসি আলম নিলা, নাসরিন আক্তার চম্পা, মোসাম্মত হ্যাপী বেগম, শায়লা তাহসিন।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহাবুবুল আলম বলেন, আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আড়াইহাজারে শাহজালালের
মনোনয়নপত্র প্রত্যাহার
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মুজাহেদুর রহমান হেলো সরকারকে সমর্থন দিয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ শাহজালাল মিয়া তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
গতকাল বুধবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজার কার্যালয়ে গিয়ে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
