মিরপুরে বিকাশ কর্মীর ১২ লাখ টাকা ছিনতাই

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৬
 
রাজধানীর মিরপুরের কাফরুলে দিনের বেলায় প্রকাশ্যে গুলি করে দুইজন বিকাশ কর্মীর কাছ থেকে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ দুই বিকাশ কর্মী হলেন, মোশাররফ (৩৩) ও আল আমিন (২৫)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বেলা ১১টার দিকে পুলিশ স্টাফ কলেজের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
 
কাফরুল থানার এসআই এ কে এম মাইনুদ্দিন জানান, আল আমিন ও মোশাররফ মিরপুর এলাকার বিকাশের বিভিন্ন এজেন্ট থেকে টাকা কালেকশন করে মিরপুর-১৪ নম্বরের অফিসে ফিরছিলেন। বেলা ১১টার দিকে পুলিশ স্টাফ কলেজের বিপরীত পাশে তাদের রিকশার গতিরোধ করে দুটি মোটরসাইকেলে আসা ছয় দুর্বৃত্ত। এসময় তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বিকাশকর্মীরা তাদের বাধা দেন। তখন দুর্বৃত্তরা তাদের লক্ষ করে কয়েক রাউন্ড গুলি করে টাকার ব্যাগ নিয়ে চলে যায়।
 
পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ওই দুইজন বিকাশ কর্মীকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
চিকিৎসকরা জানিয়েছেন, দুর্বৃত্তদের ছোড়া গুলি মোশাররফের বাম হাতে ৪টি এবং ডান হাতে ২টি বিদ্ধ হয়। এছাড়া আল আমিনের বাম উরুতে একটি গুলি বিদ্ধ হয়। এ ব্যাপারে কাফরুল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতির কথা জানান এসআই মাইনুদ্দিন।