জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন বিভাগের ৫৪ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে একবছরের জন্য এক হাজার টাকা হারে বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ বৃত্তি প্রদান করা হয়। বাংলা বিভাগের ২৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মাহবুবুল হাসান ফয়সাল ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও ২৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী কবিরুল বাশারসহ কয়েকজন সাবেক শিক্ষার্থীর অর্থায়নে এই বৃত্তি প্রদান করা হয়েছে।
প্রাণিবিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক কবিরুল বাশার বলেন, যে পরিশ্রম করে না সে সারাজীবন গরিব থাকে। আমরা চেষ্টা করেছি যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দরিদ্রদের সাহায্য করতে।
এ সময় উপস্থিত ছিলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২৪তম আবর্তনের আশরাফ দীপু ও ইংরেজি বিভাগের ২৪তম আবর্তনের ইফতেকার হাসান জাইদী প্রমুখ। উল্লেখ্য, গত বছরও ২৮ জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়।
