আলোকচিত্রী শহিদুলের মামলার নথি তলব

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০০:৩১

দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে দায়েরকৃত মামলার নথি তলব করেছে হাইকোর্ট। মামলার তদন্ত প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানিকালে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। গতকালই ওই নথি হাইকোর্টে পাঠাতে ঢাকার সিএমএমকে নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন শহিদুল আলমের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন।

গত বছরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে আল জাজিরা টিভির পাশাপাশি ফেসবুক লাইভে এসে বক্তব্য রাখেন শহিদুল আলম। ওই বক্তব্য ছিল সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা এমন অভিযোগ এনে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় তার বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই মামলায় গত ৫ আগস্ট তিনি গ্রেপ্তার হন। প্রায় সাড়ে তিন মাস জেল খেটে গত বছরের ২০ নভেম্বর জামিনে মুক্তি পান। বর্তমানে মামলাটির তদন্ত পর্যায়ে রয়েছে। এই তদন্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়েরকৃত রিটে বলা হয়, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় শহিদুল আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কিন্তু ওই আইনের পরিবর্তে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন করেছে। একইসঙ্গে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় যেসব মামলা ইতোপূর্বে করা হয়েছিল সেসব মামলার মধ্যে যেগুলো ট্রাইব্যুনালে বিচারাধীন সেগুলো চলবে মর্মে ডিজিটাল সিকিউরিটি আইনে বলা হয়েছে। ফলে এই মামলাটি তদন্ত পর্যায়ে থাকা তা আর চলার সুযোগ নেই। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী এএফ হাসান আরিফ ও সারা হোসেন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান শুনানি করেন। শুনানিকালে আদালত মামলার নথি তলব করেন। একইসঙ্গে আজ বৃহস্পতিবার আবেদনের ওপর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রেখেছে আদালত।