কেন ভালোবাসে মানুষ? কেন ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়ে মৃত্যুকেও অস্বীকার করে। কোন মানুষের জন্য, প্রেমের জন্য, কেন জীবনকে বাজি রাখে? কেন মনে করে ভালোবাসা ছাড়া জীবন অর্থহীন? কোন উত্তর আছে কী? বিজ্ঞানী ও মনোবিদরা জানান, প্রেমে পড়লে মস্তিষ্ক থেকে বিপুল পরিমাণ নিঃসৃত হতে থাকে ফিনাইল ইথাইল অ্যামিন ও অ্যামফিটামিন জাতীয় রাসায়নিক। যা স্নায়ুতন্ত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে সমস্ত কোষে। যার ফলে ইউফোরিয়া উত্পন্ন হয়। এ জন্যই প্রেমে পড়লে অকারণে প্রচণ্ড আনন্দ আর উত্তেজনা দেখা দেয়। তখন কাঠ ফাটা রোদ্রেরর দুপুর বেলাও তার কাছে মনে হবে শরতের নির্জন দুপুর বেলা, ঘন অন্ধকার অমাবস্যায়ও মনে হবে আকাশে চাঁদ খেলা করছে যদি ভালবাসার মানুষটি কাছে থাকে। এককথায় বলতে, মাদকীয় অনুভূতি অনুভূত হয় শরীরে। এই রাসায়নিক প্রক্রিয়াটা প্রথমে অনেক বেড়ে যায়। তার পর আস্তে আস্তে কমতে থাকে।
তা হোক, কিন্তু এসব বৈজ্ঞানকি ব্যাখ্যাকে থোরাই কেয়ার করে মানুষ। তারা ভালোবাসে। অন্ধ ভালোবাসায় মেতে ওঠে। ক্ষণিকের জীবনকে অমর করে রাখতে চায়। আবেগপ্রবণ এই মানুষ ভালোবাসা ছাড়া জীবনকে অর্থহীন মনে করে। আর নিজেই নিজেকে প্রশ্ন করে, ‘তোমরা যে বল ভালবাসা ভালবাসা/সখী ভালবাসা কারে কয়...’।
বিশ্ব ভালবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে আজ। সারা বিশ্বের মানুষ আজ এই ভ্যালেন্টাইনস ডেতে উন্মাতাল হয়ে উঠবে তার মনের মানুষকে নিজের মনের আকুতি প্রকাশের জন্য। সারা বিশ্বের মতোই বাংলাদেশেও উদযাপিত হবে দিবসটি। বলবে, এই পৃথিবীতে তুমি আছো, আমি আছি, আর কিছু নেই।
ইতিহাস ও আমাদের
দেশে দিনটির শুরু
১৯৯৩ সালের দিকে আমাদের দেশে ভালোবাসা দিবসের আবির্ভাব ঘটে। ‘যায়যায়দিন’ সম্পাদক শফিক রেহমান তার পত্রিকার মাধ্যমে এ দিনটির প্রচলন করেন। এ নিয়ে অনেক ধরনের মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত শফিক রেহমানের চিন্তাটি নতুন প্রজন্মকে বেশ আকর্ষণ করে।
তবে, ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন’স নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিত্সক ছিলেন। ধর্ম প্রচার-অভিযোগে তত্কালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিত্সার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল। এরপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেন্টাইন’স স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন’স দিবস ঘোষণা করেন।
