‘দেশের সব প্রেক্ষাগৃহ ১২ এপ্রিল থেকে বন্ধের হুমকি’

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০০:৩৪

বিদেশি ছবি আমদানিতে নীতিমালা শিথিল ও দেশীয় ছবি নির্মাণের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এক্ষেত্রে সরকার আনুষ্ঠানিক উদ্যোগ না নিলে ১২ এপ্রিল থেকে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সমিতির নেতারা। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সমিতির সভাপতি ও মধুমিতা মুভিজের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, সিনেমা হল চালানোর মতো পর্যাপ্ত চলচ্চিত্র দেশে নির্মাণ হচ্ছে না। দর্শকরাও সিনেমা দেখছে না। হল মালিকরা দিনের পর দিন লোকসান গুনছে। এভাবে চলতে পারে না। সরকারের সুদৃষ্টি ও আমাদের দাবিগুলো না মানা হলে ১ মাস পর অর্থাত্ ১২ এপ্রিল থেকে দেশের সব হল বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরো জানান, বছরের প্রথম দুই মাসে কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। পরে যা পাচ্ছে তা দর্শক টানতে ব্যর্থ হয়েছে। হলগুলো তাই মোটামুটি অচল অবস্থায় আছে।

সাংবাদিক সম্মেলনে প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস সভাপতির পক্ষে একটি লিখিত বক্তব্য পড়ে শোনান। হলের পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে ইফতেখার উদ্দিন বলেন, এটা ঠিক সিনেমা হলগুলোর পরিবেশ ভালো না। তবে ব্যবসা বাড়লে মালিকরা হলের উন্নয়ন করবে।