আফগানিস্তানে আটক দুই বাংলাদেশি নারীকে ফেরত পাঠাতে চায় দেশটির সরকার। গত বছরের জুন থেকে কাবুলের পক্ষ থেকে ঢাকার সঙ্গে এজন্য যোগাযোগ করা হচ্ছে। ইতোমধ্যে এই দুই নারীর বিষয়ে খোঁজ-খবর নিতে শুরু করেছে ঢাকা। তবে পুরো যাচাই প্রক্রিয়া এখনো শেষ হয়নি বলে জানা গেছে।
আফগানিস্তান সেনাবাহিনীর সন্ত্রাস নির্মূল অভিযানে ২০১৮ সালের আগস্টে তানিয়া ফারহানা এমা ও ২০১৭ সালে কাওসার সুলতানা কলি নামে দুই বাংলাদেশি নারী আটক হন। নিরাপত্তার স্বার্থে তাদের ফেরত পাঠাতে চায় কাবুল। ঢাকা-কাবুল অনেক চিঠি চালাচালির পর গত বছরের নভেম্বরে এমা এবং কলি প্রকৃতপক্ষে বাংলাদেশি কিনা, তদন্ত করে দেখার জন্য বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
জানা গেছে, এমার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে আর কলি ঢাকার পশ্চিম ভাষানটেকের বাসিন্দা।
