গভর্নরের সমালোচনা করায় বাড়িতে আগুন!

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৫
ইরাকে ১৩ বছর বয়সী এক শিশুর সাক্ষাতকার টেলিভিশনে প্রচারিত হওয়ার পর তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সাক্ষাতকারে ইরাকের মধ্যাঞ্চলের একটি প্রদেশের গভর্নরের সমালোচনা করেছিল শিশুটি।
 
সাক্ষাতকারে গভর্নর সাদিক মাদলুল আল-সুলতানিকে সরাসরি টেলিভিশন বিতর্কে অংশ নেয়ার আহ্বান জানিয়েছিল রাওয়ান সালেম হোসেন। তার দাবি গভর্নর সাদিক সাংস্কৃতিকভাবে বাবিল প্রদেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে। শিশুটির বাবা জানিয়েছেন, আল বাগদাদিয়া টিভি চ্যানেলে এই সাক্ষাতকার প্রচার হওয়ার ছয় ঘণ্টার মধ্যে তাদের পারিবারিক বাসভবনে আগুন দেয়া হয়।
 
পুলিশের দাবি ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক হিটার থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এই দাবিকে উড়িয়ে দিয়েছেন রাওয়ানের বাবা। তিনি বলেন এই ঘটনা অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে সাক্ষাতকারটি প্রচার হওয়ার সময়ের সঙ্গে আগুন লাগার সময়ের সম্পর্ক রয়েছে। সূত্র: এএফপি