অনলাইন আর্নিং প্রকল্পে কাজ করছে ৫ লাখ তরুণ : পলক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৪
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে ৫ লাখ তরুণ  অনলাইন আর্নিং প্রজেক্টে কাজ করছে।  দেশের  মেধাকে কাজে লাগাতে পারলে শুধু আইসিটি খাত থেকেই ২০২১ সালের মধ্যে আয় হবে ৫ বিলিয়ন ডলার।
 
রবিবার রাজধানীর প্রেসক্লাবে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিতীয় বারের মত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
 
পলক বলেন, আন্তর্জাতিক  প্রোগ্রামিং কনটেস্টে অংশগ্রহণ করছে দেশের শিক্ষার্থীরা। দেশে রয়েছে আন্তর্জাতিক মানের  মেধা।  মেধা গুলোর সঠিক ব্যবহার করতে আমরা হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝেও  পৌঁছে  দেয়া হচ্ছে তথ্য ও প্রযুক্তির আলো।
 
প্রতিমন্ত্রী বলেন, ছোটবেলা  থেকে শিক্ষার্থীদের মধ্যে তথ্য ও প্রযুক্তির বিকাশ করতে পারলে বাংলাদেশ একসময় দ্বিতীয় সিলিকন ভ্যালি অথবা দ্বিতীয় ব্যাঙ্গালুরে পরিনত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনে ৫০০ উপজেলা ও থানার ১০০০ স্কুলে প্রচারনামূলক অ্যাক্টিভেশন , মেন্টরস ট্রেনিং,  ফেসিলেটর কর্মশালা, ৬৪টি জেলায় কর্মশালা, অনলাইন মেন্টরশিপ ও ফোরাম, ১৬টি আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা, জাতীয়  প্রোগ্রামিং প্রতিযোগিতা, জাতীয় প্রোগ্রামিং ক্যাম্প অনুষ্ঠিত হবে।
 
জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড, বাস্তবায়ন সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স  নেটওয়ার্ক (বিডিওএসএন), একাডেমিক সহযোগিতায় রয়েছে  কোডমার্শাল, পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো, এটিএন নিউজ ও  বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন-অর-রশিদ, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারং বিভাগের প্রফেসর ড.  মোহাম্মদ কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) সহযোগী অধ্যাপক ও বিডিওএসএনের সহ-সভাপতি লাফিফা জামাল, রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন, আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার বিচারক মুহাম্মদ মাহমুদুর রহমান প্রমুখ।