ভেনিজুয়েলায় পানির খোঁজে নর্দমায় মানুষের ভিড়

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০১:০৬

টানা ছয় দিনের বিদ্যুত্ বিভ্রাটে ভেনিজুয়েলার নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পানির খোঁজে নগরবাসী পয়ঃনিষ্কাশনের নালার প্রান্তে ভিড় করছে। কারাকাসের প্রধান সড়কের পাশে যেখানে নর্দমার পানি গুয়েইরা নদীতে পড়ছে সেখানে ভিড় করে লোকজন সেই পানি বড় বড় প্লাস্টিকের বোতলে সংগ্রহ করছে। নদীর পানির তুলনায় নর্দমা বেয়ে আসা ওই পানি অপেক্ষকৃত পরিষ্কার দেখা যাওয়ায় সেই পানিই সংগ্রহ করছেন স্থানীয়রা। সোমবার ওই ভিড়ের মধ্যে লিলিবেথ টেজেডর নামে এক নারী নর্দমার পানি সংগ্রহ করছিলেন। তিনি বলেন, আমি জীবনে কখনো এমন কাণ্ড ঘটতে দেখিনি। এটা ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রু কাং বলেন, আমরা জানতে পেরেছি সাইবার অ্যাটাকের কারণে বিদ্যুত্ বিপর্যয় হয়েছে। আমরা এ কারণে গভীরভাবে উদ্বিগ্ন। চীন আশা করে ভেনিজুয়েলা দ্রুত সময়ের মধ্যে এই সংকট কাটিয়ে উঠতে পারবে। এ ব্যাপারে ভেনিজুয়েলাকে সাহায্য করতে চায় চীন। -রয়টার্স