মার্কিন সৈন্যরা মোটা, চীনা সৈন্যরা ফাস্ট ফুডে আসক্ত

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০১:০৭

আমেরিকান সৈন্যদের ৬০ শতাংশই নাকি অতিরিক্ত মোটা এবং চীনা সৈন্যরা ফাস্ট ফুড, গেমস আর হস্তমৈথুনে আসক্ত। এক রিপোর্টে এই মত প্রকাশ করেছে র‍্যান্ড কর্পোরেশন নামে একটি আন্তর্জাতিক থিংক ট্যাংক।

একটা দেশের সেনাবাহিনীতে সৈন্যরা স্বাস্থ্য ও ওজনের দিক থেকে কেমন হবে তা নির্ধারিত হয় একটা মাপকাঠি দিয়ে যাকে বলে বডি ম্যাস ইনডেক্স বা বিএমআই। এই বিএমআই হিসেব করে বের করা হয় যে একজন সৈন্যের উচ্চতা এবং ওজনের অনুপাত আদর্শ এবং স্বাস্থ্যকর সীমার মধ্যে আছে কিনা। সমপ্রতি দেখা যাচ্ছে যে পৃথিবীর অনেক দেশেই সৈন্যদের মধ্যেই স্থূলতা বা অলস জীবনযাপনজনিত সমস্যা তৈরি হয়েছে। এমনকি চীনের সেনাবাহিনীতে সৈন্যদের মধ্যে কম্পিউটার গেমস ও হস্তমৈথুন আসক্তিও এক সমস্যা হয়ে উঠছে। র‍্যান্ড কর্পোরেশনের হিসেবে দেখা যাচ্ছে, আমেরিকান সৈন্যদের প্রায় ৬৬ ভাগের ওজনই মাত্রাতিরিক্ত রকমের বেশি। এমন এক সময় এই হিসেব বেরুলো যখন আমেরিকান তরুণদের বেশিরভাগই সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী নয়। বলা হচ্ছে, ২০১৭ সালে ১৬ থেকে ২৪ বছরের আমেরিকানদের মধ্যে মাত্র ১১ শতাংশ সামরিক বাহিনীতে যোগ দেবার আগ্রহ দেখিয়েছে। আরো খারাপ খবর, যারা নিয়োগের পরীক্ষায় বাতিল হয় তাদের এক-তৃতীয়াংশই বাদ পড়ে অতিরিক্ত মোটা হবার কারণে। -বিবিসি