অমসৃণ বডির ক্রোমবুক ৩ একবার চার্জে চলবে ১১ ঘণ্টা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১২:১২
মোবাইল ডিভাইসের কারণে ছোট হয়ে আসছে বৈশ্বিক ল্যাপটপের বাজার। প্রত্যাশানুযায়ী মুনাফা অর্জনে ব্যর্থ হয়ে অনেক প্রতিষ্ঠানই ল্যাপটপ ব্যবসা গুটিয়ে নিচ্ছে। কিন্তু এখনো হাল ছাড়েনি বেশ কিছু প্রতিষ্ঠান। এদেরই একটি স্যামসাং। দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠান সম্প্রতি বাজারে এনেছে তাদের বহুল প্রত্যাশিত ক্রোমবুক ৩।
 
ল্যাপটপটি জানুয়ারি মাসের শুরুতে লাস ভেগাসের প্রযুক্তি পণ্যের আসর 'কনজ্যুমার ইলেক্ট্রনিকস শো (সিইএস)'তে উন্মোচন করে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি।
 
নতুন এই ক্রোমবুকে আছে ১১.৬ ইঞ্চি ডিসপ্লে, যাতে রয়েছে ১৩৩৬x৭৬৮ পিক্সেল রেজ্যুলেশন। মাত্র ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের এই ল্যাপটপটির ২ জিবি র‍্যামের সংস্করণ পাওয়া যাবে। শিগগিরই এর ও ৪ জিবির র‍্যামের সংস্করণও বাজারে আসবে।
 
০.৭ ইঞ্চি পুরু এবং মাত্র ২.৫ পাউন্ড ওজনের ক্রোমবুকটি দেখতে অবশ্য তেমন দৃষ্টিনন্দন নয়। এ ছাড়া এর বডিও স্যামসাংয়ের অন্যান্য ডিভাইসের মতো মসৃণ নয়, যদিও বডিটি তৈরি হয়েছে রিইনফোর্সড মেটাল দিয়ে। অন্যদিকে, ক্রোমবুক ৩-এর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ম্যাকবুক এয়ার ০.৬ ইঞ্চি পুরু এবং ওজনেও মাত্র ২.৩ পাউন্ড।
 
তবে একদিক থেকে ম্যাকবুক এয়ারসহ প্রায় সব প্রতিদ্বন্দ্বীকে পিছে ফেলে দিয়েছে ক্রোমবুক ৩। স্যামসাং দাবি করছে একবার পুরো চার্জ দিলে এই ল্যাপটপের ব্যাটারি টানা ১১ ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম, যেখানে ৯ ঘণ্টার বেশি প্রতিশ্রুতি দিতে পারেনি ম্যাকবুক এয়ার।
 
স্যামসাং ক্রোমবুকের প্রথম মডেলটি বাজারে ছাড়া হয়েছিল ২০১১ সালে। এখন বাজারে রয়েছে ক্রোমবুক-২। এই মডেলটির দাম ৪০০ মার্কিন ডলার।
 
২ জিবির র‍্যামের ক্রোমবুক ৩ কিনতে দাম পড়বে ২০০ মার্কিন ডলার।