ডেমরায় একটি বিদেশি পিস্তল ও ৫১ পিস ইয়াবাসহ মো. পলাশ (২৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা পৌনে ১১ টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ডেমরার পূর্ব ডগাইর গ্রিন সিটি এলাকার অলিউল্লাহর বাড়ি থেকে পলাশকে গ্রেফতার করা হয়।
তিনি ওই এলাকার নাজমুল হুদার ছেলে। র্যাবের ক্রসফায়ারে নিহত বড়ভাঙ্গা এলাকার শীর্ষ সন্ত্রাসী রুবেলের ভাগিনা এই পলাশ। ডেমরা থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলাও রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ডেমরা এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলেও জানায় ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাওসার।
তিনি আরও জানান, পলাশকে গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি একটি পিস্তল ও ইয়াবাসহ তার শয়নকক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে।
