'মৃত্যুর সওদাগর' মুক্ত মেক্সিকো চান পোপ: তিন লাখ লোকের প্রার্থনা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৮
পোপ ফ্রান্সিস শয়তানদের প্রত্যাখান ও 'মৃত্যুর সওদাগর' মুক্ত দেশ গড়তে মেক্সিকোবাসীর প্রতি আহবান জানিয়েছেন। মেক্সিকো সিটির ইকাটেপেক নগরীতে রোববার এক উন্মুক্ত প্রার্থনা সভায় তিনি এ আহবান জানান। প্রার্থনা সভায় তিন লাখ লোক অংশ নেন। পোপ মেক্সিকো সফরকালে 'মাদক সহিংসতা' ও 'দেশান্তরিদের দুর্দশা' বিষয় দুটির ওপর জোর দিয়েছেন। পোপের মেক্সিকো সফর নিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
 
তিনি তার অনুসারীদের মেক্সিকোকে 'একটি বিশাল সুযোগের ভূমি হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন যেখানে বাসিন্দাদের স্বপ্ন পূরণের জন্য দেশান্তরি হতে হবে না এবং মৃত্যুর সওদাগরদের হাতে নিহতদের জন্য আর কারো শোকাহত হতে হবে না।'
ইকাটেপেক নগরীতে ১৬ লাখ লোকের বাস। নগরীতে প্রায়ই নারী নিখোঁজের ঘটনা ঘটছে এবং এ কারণে এটি কুখ্যাত নগরীতে পরিণত হয়েছে। নিখোঁজ নারীদের লাশ প্রায়ই পরিত্যক্ত জায়গা বা খালে পাওয়া যায়। এ কারণে কর্তৃপক্ষ গত বছর  'নারীর প্রতি সহিংসতা বিষয়ক সতর্কতা' জারি করেছিল।
 
বেসরকারি সংগঠন ন্যাশনাল সিটিজেন অবজারভেটরি অব ফেমিসাইডস জানায়, মেক্সিকোর সবচেয়ে জনবহুল রাজ্যে এ নগরী অবস্থিত। এখানে ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৬শত নারী খুন হন।
 
ইকাটেপেকের বিভিন্ন সড়কে হাজার হাজার লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পোপকে শুভেচ্ছা জানান। নগরীর বিভিন্ন দেয়ালে পোপের ছবি আঁকা হয়েছে। যে মাঠে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে সেখানে নিরাপত্তার জন্য শত শত পুলিশ মোতায়েন করা হয়।প্রার্থনা সভায় আসা ২৭ বছর বয়সী ভক্ত অ্যালিসিয়া টেজেদা বলেন, পোপ যা বলেছেন তা গুরুত্বপূর্ণ। (সহিংসতা) স্পর্শকাতর বিষয় কারণ কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছুই করতে পারছে না।'
 
পোপ মেক্সিকো আসার আগেই স্পষ্ট করেছিলেন যে, তিনি দেশটির দুর্নীতি ও অপরাধ নিয়ে তিনি কথা বলবেন।প্রার্থনা সভার পর তিনি মেক্সিকো সিটির একটি শিশু হাসপাতালে অসুস্থ শিশুদের দেখতে যান। এ সময় মেক্সিকোর ফার্স্ট লেডি অ্যাঞ্জেলিকা রিভেরা তার সঙ্গে ছিলেন। পোপের জন্য এক বালিকার গান গাওয়ার সময় ফার্স্ট লেডি কেঁদে ফেলেন।
 
পোপ মেক্সিকোয় পাঁচদিনের সফরে রয়েছেন। সফরকালে তার দেশটির বিভিন্ন গোলযোগপূর্ণ এলাকায় যাওয়ার কথা রয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্যাথলিক খ্রীস্টানদের দেশ হলো মেক্সিকো।তিনি সোমবার মেক্সিকোর দরিদ্র ও ক্যাথলিক অঞ্চল চিয়াপাস রাজ্যে যাবেন। মঙ্গলবার তার মিকোয়াকান নগরীতে যাওয়ার কথা রয়েছে।