বুধবার থেকে চট্টগ্রামে একুশে বইমেলা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০০
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামে শুরু হচ্ছে একুশে বইমেলা। বুধবার থেকে নগরীর মুসলিম হল ও এর আশেপাশে শুরু হতে যাচ্ছে  ১৩ দিনব্যাপী এই মেলা। সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)নগর ভবনের মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও বই মেলার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র আ জ ম নাছির উদ্দীন এ তথ্য জানান।
 
মেয়র বলেন, চট্টগ্রামের পাঠকদের চাহিদা পূরণ করতে আগামীতে প্রতিবছর একুশের বইমেলাকে রাজধানীর মতো মাসব্যাপী সম্প্রসারিত করা হবে।  একুশের বইমেলার উদ্দেশ্যে মেয়র সাংবাদিকদের জানান, চট্টগ্রামের নতুন প্রজন্মের পাঠকদের বই পড়তে আরো আগ্রহী করে তোলা।
 
তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি রক্তক্ষয়ী গণতান্ত্রিক আন্দোলনে চট্টগ্রামের আবদান রয়েছে। সেই সব বীরদের বীরত্বগাঁথা ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে না পারলে তাদের প্রতি অন্যায় করা হবে।
 
তিনি অভিভাবকদের কাছে অনুরোধ জানিয়েছেন, তারা যেন তাদের সন্তানদের পাঠ্যপুস্তকের পাশাপাশি উপন্যাস, গল্প, কবিতা ও ম্যাগাজিন পড়ায় উৎসাহিত করেন। মেয়র জানান, একুশের বই মেলায় দেশের সেরা সৃজনশীল প্রকাশনীগুলো অংশ নিবে।
 
চসিক পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার সাতজনকে একুশে পদক দেয়া হবে। একুশে পদকের জন্য মনোনীতরা হলেন- সাংবাদিকতায় আ জ ম ওমর (মরণোত্তর), শিক্ষায় অধ্যক্ষ রওশন আকতার হানিফ, ক্রীড়ায় ইঞ্জিনিয়ার মাহমুদুল ইসলাম, সমাজসেবায় ফজল করিম, মুক্তিযুদ্ধে লেখক-গবেষক সিরু বাঙালি, সংস্কৃতিতে অরুণ চন্দ্র বণিক এবং বিদ্যোৎসাহী হিসেবে মোহাম্মদ জাকারিয়া।