রাজধানীতে অজ্ঞান পার্টির সদস্যসহ গ্রেফতার ৬

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪৪
 
রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির সদস্য ও মাদকব্যবসায়ীসহ ৬ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, অজ্ঞান পার্টির সদস্য মো. বাবুল, মো. আলামিন, মো. মারুফ হোসেন, মো. রানা মিয়া, মো. সামিদুল ও মাদক ব্যবসায়ী মো. মফিজুর রহমান ওরফে কামাল। তাদের কাছ থেকে নেশা জাতীয় হালুয়া ও ২০০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
 
ডিএমপি মিডিয়া সেন্টারে সোমবার দুপুরে গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব আলম জানান, রবিবার বিকালে নগরীর মতিঝিল ১২৫/৬ নম্বর দক্ষিণ কমলাপুরস্থ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে নেশা জাতীয় মুগাল্লিজ হালুয়ার ৩টি কৌটা এবং আরদে খোরমার ৪টি কৌটাসহ অজ্ঞান পার্টির সদস্যদের আটক করা হয়। অজ্ঞান পার্টির এই সদস্যরা মতিঝিল,পল্টন, শাহজাহানপুর থানা এলাকায় বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন ও অধিক জনসমাগম স্থলে প্রথমে যাত্রীদের টার্গেট করে। এরপর বিভিন্ন সময়ে কৌশলে নেশা জাতীয় চেতনানাশক হালুয়ার মাধ্যমে যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব কেড়ে নিতেন বলে তিনি জানান।
 
এছাড়া, নগরীর পল্লবী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মফিজুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।