প্রশিক্ষণের জন্য ব্রাজিল যাচ্ছে নীলফামারীর দীপক

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৫:২৬

নীলফামারীর ছেলে দীপক রায় (১৭) যাচ্ছে ব্রাজিল। তরুন এই ফুটবলার সেখানে এক বছর প্রশিক্ষণ শেষে দেশে ফিরবেন। সে নীলফামারী শহরের মধ্য হাড়োয়া ৬ নং ওয়ার্ডের মন্টু রায়ের ছেলে।

জেলা ক্রীড়া সংস্থার সূত্রে জানা যায়, ব্রাজিলের বিখ্যাত সাও পাওলো ফুটবল একাডেমিতে এক বছর প্রশিক্ষণের সুযোগ পায় নীলফামারীর দুজন কৃতি সন্তান। এর আগে দীপক কাতারেও খেলেছিল। বাংলাদেশ অনূর্ধ্ব ১৫/১৬, আবাহনী অনূর্ধ্ব ১৮/বি লিগে খেলেছিল। এ ছাড়াও পাইওনিয়ার ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম উঠে আসে তার।

দীপক বর্তমানে নীলফামারী বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একাদশ শ্রেণিতে পড়ছে। তার বাবা ভ্যান চালিয়ে আয় রোজগার করে সংসার চালান। দীপক বলেন, অনেক পথ অতিক্রম করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট দিয়ে জীবনে প্রথম পথ চলা। ফুটবলে আসার আগে নানা সমস্যা দেখা দিতো তা অতিক্রম করেছি। আমাকে সর্বত্র সহযোগিতা করেছে জেলা ক্রীড়া সংস্থা। তাদের মাধ্যমে আজ আমি এগিয়ে চলেছি।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বলেন, বাংলাদেশ থেকে দুজনকে সুযোগ দিয়েছে ব্রাজিলের ফুটবল একাডেমি সাও পাওলো। এর মধ্যে উজ্জল লক্ষত্র হচ্ছে আমাদের গর্ব দীপক। দীপক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হয়ে খেলেছে। তবে শিগগিরই ব্রাজিলে যাবে বলে জানান তিনি।

ইত্তেফাক/নূহু