কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের পরিবহন বাসে হামলার ঘটনায় প্রশান্ত সাহা ও রাকেশ দাস নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, গত রবিবার সন্ধ্যায় নগরীর ঝাউতলা এলাকায় রাস্তা থেকে একদল যুবক কুবির শিক্ষার্থীদের পরিবহন বাসে ছাত্রীদের লক্ষ্য করে রং ছুড়ে মারলে এ নিয়ে বহিরাগত যুবকদের সাথে ছাত্রদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে যুবকরা বাসে উঠে ভাঙচুর ও শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের লোক প্রশাসন বিভাগের ছাত্র মো. আক্তারুজ্জামানসহ ১০-১৫ জন শিক্ষার্থী আহত হয়। এ হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা সোমবার সকালে কুবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে ক্যাম্পাসে বিক্ষোভ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর উপজেলার নন্দনপুর এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় পুলিশ হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে দেড় ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এ সময় তারা হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ ৬ দফা দাবি জানিয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়।
এদিকে ওই হামলার ঘটনায় কুবির নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সোমবার রাতে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। এতে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর রাতে নগরীর দেশওয়ালীপট্টির নিবাস চন্দ্র সাহার ছেলে প্রশান্ত সাহা (২৫) ও ঠাকুরপাড়ার কানাই চন্দ্র দাসের ছেলে রাকেশ দাসকে (১৮) গ্রেফতার করে।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মো. আব্দুর রব জানান, গ্রেফতারকৃতরা ওই বাসে হামলার বিষয়টি স্বীকার করেছে এবং মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
