শিক্ষাই আলো আর এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্র : ঢাবি উপাচার্য

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভাষা আন্দোলনের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য ধারণ ও বহন করে সততা ও মনুষ্যত্বের শিক্ষায় সুশিক্ষিত হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
ঢাবি উপাচার্য আজ বুধবার টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, ফার্মেসী এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের প্রথম বর্ষ সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক শাহীন ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আব্দুল আজিজ, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
 
আরেফিন সিদ্দিক নবীন শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষাই আলো আর এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্র। এই মন্ত্র নিয়ে শ্রেণিকক্ষের ভালো ফলাফলের সাথে সাথে তোমরা পরিপূর্ণ ও আলোকিত মানুষ হও, এটাই আমাদের সকলের প্রত্যাশা।