কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ক্রিকেট আসর এশিয়া কাপ। ২৪ ফেব্রুয়ারি মূল লড়াই শুরুর আগে মাঠে নেমে যাচ্ছে সহযোগি চারটি দেশ। আফগানিস্তান, হংকং, আরব আমিরাত এবং ওমান।
১৯ ফেব্রুয়ারি থেকে নারায়গঞ্জের ফতুল্লায় শুরু হয়ে যাবে এই চার দেশকে নিয়ে বাছাই পর্ব। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পর্বের ম্যাচগুলো। এখান থেকেই সেরা একটি দল খেলবে এশিয়া কাপের মূল পর্বে। সঙ্গে টেস্ট খেলুড়ে চার দেশকে নিয়ে মোট ৫ দল নিয়ে ২৪ ফেব্রুয়ারি শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই।
টানা তৃতীয়বারের মতো এই আসরের আয়োজক বাংলাদেশে। ২৪ ফেব্রুয়ারি মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে এশিয়া কাপের লড়াই। আর এবারই প্রথমবারের মত এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। বাছাই পর্বের ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
১৯ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান এবং আরব আমিরাত। একই দিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে হংকং এবং ওমান। ২০ ফেব্রুয়ারি মুখোমুখি আফগানিস্তান এবং ওমান। ২১ ফেব্রুয়ারি আরব আমিরাত মাঠে নামবে হংকংয়ের বিপক্ষে। ২২ ফেব্রুয়ারি আফগানিস্তান-হংকং এবং ওমান-আরব আমিরাত পরস্পরের বিপক্ষে খেলবে। ওইদিনই শেষ হবে বাছাই পর্বের ম্যাচগুলো।
