কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজে অতিরিক্ত ফি আদায় করার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের ঐ কলেজ ক্যাম্পাসে এই ঘটনার পর বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেয়।
এসময় শিক্ষার্থীরা কলেজের শ্রেণীকক্ষ বন্ধ করে এবং শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। আধাঘণ্টা পর সুষ্ঠু সমাধানের আশ্বাসে শিক্ষার্থীরা তালা খুলে দিলেও জরুরি সভায় শিক্ষাবান্ধব সিদ্ধান্ত না আসায় দুপুর আড়াইটায় আবারও ক্ষেপে উঠে বিক্ষোভ মিছিল করে স্মারকলিপি দেয়ার উদ্দেশে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আসে।
IMG0
শিক্ষার্থীরা জানান, কলেজে অনার্স ভর্তিকালীন সময়ে প্রতিটি সেশনের ভর্তি ফি, মাসিক বেতন ও পরীক্ষা ফি যে পরিমাণ জানানো হয়েছিল প্রতি ছয় মাস যেতে না যেতেই মাসিক বেতন ও সেশন ফি দ্বিগুণ করা হয়েছে। গত ২০১৫ সালের নভেম্বরেও আমাদের ৪র্থ বর্ষের সেশন ফি (ভর্তি ফি) ছিল দুই হাজার ও মাসিক বেতন ছিল ৭৫০ টাকা। এখন তা বৃদ্ধি করে দুই হাজার টাকার স্থলে ৪২১৫ টাকা ও ৭৫০ টাকার স্থলে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা সকল শিক্ষার্থীদের পক্ষে পরিশোধ অসম্ভব। আমরা এর যথাযথ সমাধান চাই।
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ এম. আব্দুস সালাম এর ব্যক্তিগত মোবাইল ফোনে কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
