কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারের বেঁধে দেয়া ন্যূনতম শর্ত পূরণ করেনি জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসব বিশ্ববিদ্যালয় এভাবে আর বেশিদিন চলতে পারবে না।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেঁধে দেয়া মানদণ্ড পূরণ করতে না পারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে অচিরেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।
বৃহস্পতিবার বেসরকারি গ্রিন ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তনে আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে এ সব কথা বলেন শিক্ষামন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, জ্ঞান চর্চা, গবেষণা ও বিভিন্ন উপায়ে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। শিক্ষার পরিবেশের মান বৃদ্ধিতে প্রচেষ্টা চালাতে হবে। শিক্ষার্থীদের মাঝে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি সৃষ্টি, যুগোপযোগী মানব সম্পদে পরিণত করতে হবে। তবেই প্রতিষ্ঠান হিসাবে বিশ্ববিদ্যালয় স্বার্থক হবে।
নতুন সনদ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, জ্ঞান ও মেধার প্রয়োগে কর্মজীবনকে সমৃদ্ধ করতে হবে। অর্জিত জ্ঞান যেন সমাজের কম আলোকিত মানুষের কল্যাণে আসে সেলক্ষ্যে জীবনকে পরিচালিত করতে হবে। বর্তমান বিশ্ব সদা পরিবর্তনশীল, শিক্ষা তখনই শক্তি যখন তা প্রয়োগ করা হয় পরিবর্তনের কাজে। উচ্চ শিক্ষা যেন আনুষ্ঠানিক জ্ঞানে পরিণত না হয় তা নিশ্চিত করতে হবে।
এবারের সমাবর্তন বক্তা ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিবর্তনের সমারোহে পরিপূর্ণ পৃথিবীর সঙ্গে তোমাদের মানিয়ে চলতে হবে। চেষ্টা, অধ্যাবসায়ের মাধ্যমে শিক্ষা জীবনে যেমনি সাফল্য পেয়েছ- কর্মজীবনে তার প্রয়োগ ঘটাতে হবে।
গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর গোলাম সামদানি ফকির, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনও সমাবর্তনে বক্তব্য রাখেন।
ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজন করা এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ২০১২ থেকে ২০১৫ সেশনের বিভিন্ন ব্যাচ ও বিভাগের ১৫৩৬ জন শিক্ষার্থীকে সনদ দেয়ার জন্য নির্বাচিত করা হয়, যাদের মধ্যে ৭১৩ জন সমাবর্তনে অংশ নেয়।
এতে শিক্ষা জীবনে কৃতিত্বপূর্ণ ফলের জন্য ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহানাজ আক্তার, সমাজ বিজ্ঞান বিভাগের ডালিয়া সুলতানা, ব্যবসায় প্রশাসন বিভাগের এএসএম ফারহান ও আইন বিভাগের অরূপ রতন সাহাকে চ্যান্সেলর গোল্ড মেডেল পরিয়ে শিক্ষামন্ত্রী।
