স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর একজন ত্যাগী সাহসী সৈনিক হিসেবে ইতিহাসে আব্দুর রাজ্জাকের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে মরহুম আব্দুর রাজ্জাক ট্রাস্টের পক্ষ থেকে মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থীকে ‘জননেতা আব্দুর রাজ্জাক স্মৃতি স্বর্ণপদক’ এবং ৩ জনকে ‘জননেতা আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি ২০১৪’ প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. নূরুল আমিন, আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের চেয়ারপার্সন ফরিদা রাজ্জাক, আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।
নাসিম বলেন, যে ক’জন তরুণ নেতা বঙ্গবন্ধুর পাশে সব সময় ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন জননেতা আব্দুর রাজ্জাক। সকলের কাছে রাজ্জাক ভাই ছিলেন অসাম্প্রদায়িক ও মুক্ত চিন্তার সত্ ও আদর্শবান জনপ্রিয় নেতা। মৃত্যুর দিন পর্যন্ত তিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে গেছেন।
এদিকে কর্মস্থলে চিকিত্সকদের উপস্থিতি নিশ্চিত করতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) এর সহযোগিতা চেয়েছেন মন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ করে উপজেলায় চিকিত্সক বদলি বা অনুপস্থিতির কারণে শাস্তিমূলক ব্যবস্থা নিলে বিএমএ বা স্বাচিপ নেতৃবৃন্দ যেন কোনো তদবিরকে প্রশ্রয় না দেন সেদিকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে হাসপাতালে চিকিত্সকদের নিশ্চিত করতে করণীয় বিষয়ে বিএমএ ও স্বাচিপ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন।
