‘আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়’-এই গান দিয়ে এবার আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবে দুই বাংলার হাজার হাজার ভাষাপ্রেমী মানুষ। রবিবার বেনাপোল চেকপোস্টে ভারত-বাংলাদেশ নো-ম্যান্সল্যান্ড এলাকায়।
মিলন মেলাকে সামনে রেখে নানা রংয়ের ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড আর ফুল দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়েছে নো-ম্যান্সল্যান্ড এলাকা।
দুই বাংলার ২১ উদযাপন কমিটির বাংলাদেশের আহ্বায়ক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন জানান, রবিবার সকাল ১০টায় জিরো পয়েন্টে অস্থায়ী শহীদ বেদীতে প্রথম ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস, বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, ভারতের সংসদ সদস্য মমতা ঠাকুর, পৌর প্রধান শংকর আঢ্য, বিধায়ক বিশ্বজিৎ দাস ও উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি রহিমা মন্ডল, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির, বেনাপোল কাস্টম কমিশনার এ এফএম আব্দুল্লা খান, ,বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্নেল জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার আনিছুর রহমান ও বন্দর পরিচারক নিতাই চন্দ্র সেন প্রমুখ।
তিনি আরো জানান, এই মিলন মেলায় দুই দেশের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন সৈয়দ আব্দুল হাদি, ফকির আলমগীর, কবিতা আবৃত্তি করবেন পীযুষ বন্দ্যোপাধ্যায় এবং লালন সঙ্গীত গাইবে শিশু শিল্পী বাউল সাগর।
ভাষা শহীদদের স্মরণে দুই দেশের মানুষের সম্প্রীতি আর ভালবাসার বাঁধনকে আরো সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে প্রতিবছর বেনাপোলে অনুষ্ঠিত হয় এই মিলন মেলা।
