সুন্দরগঞ্জে আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে সংগঠিত অপ্রীতিকর ঘটনায় পৌর মেয়র আব্দুল্লাহ্-আল-মামুনসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন।
জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগ শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সময় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সম্মেলন শেষে মধ্যাহ্ন ভোজের বিরতি দিয়ে সম্মেলনস্থল ত্যাগ করেন। এ সময় প্যান্ডেলে থাকা অপেক্ষমান কাউন্সিলরা অতিথিদের ফিরে না আসার সংবাদ শুনে উত্তেজিত হয়ে পড়েন। পরে তারা প্যান্ডেলে থাকা চেয়ার-টেবিল ও সরঞ্জামাদি ভাংচুর করেন। এছাড়া তারা বিক্ষোভ মিছিল করে পৌর শহরের বিভিন্নস্থানে স্থাপিত তোরণ ও এমপি লিটনের ছবি সম্বলিত প্যানা ভাংচুর করে। ওই দিন থেকে পৌর শহরে এমপি পক্ষ ও মেয়র পক্ষের সমর্থকরা বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভ মিছিল অব্যাহত রাখে।
এ নিয়ে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করতে থাকে। এই ব্যাপারে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন বাদি হয়ে মেয়র আব্দুল্লাহ্-আল-মামুনসহ ৩৭ জনকে আসামি করে শুক্রবার থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর-২২ তাং-১৯-০২-২০১৬ইং)।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আশরাফুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এমপির দায়েরকৃত মামলার তদন্ত অব্যাহত আছে।
উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি কাউন্সিলে সভাপতি পদে এমপি ও মেয়র প্রতিদ্বন্দ্বিতা করায় মেয়র পক্ষের সমর্থকরা এ ঘটনা ঘটায় বলে মামলায় উল্লেখ্ করা হয়েছে।
এ নিয়ে মামলার বাদি মঞ্জুরুল ইসলাম লিটন এমপি জানান, কাউন্সিলের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করায় এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পৌর মেয়রের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
